২৯ মে ২০১৫ - ০৯:৪৭
ফিফা থেকে ইসরাইলের বহিষ্কার দাবি

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বা ফিফা থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কারের দাবিতে সুইজারল্যান্ডের জুরিখ শহরে বিক্ষোভ হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বা ফিফা থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কারের দাবিতে সুইজারল্যান্ডের জুরিখ শহরে বিক্ষোভ হয়েছে। ফিলিস্তিনপন্থি কয়েকটি গ্রুপ গতকাল (বৃহস্পতিবার) এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
জুরিখ শহরে ফিফার ৬৫তম কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। কংগ্রেস অনুষ্ঠানের বাইরে ফিলিস্তিনিপন্থিরা ইসরাইলের বহিষ্কারের দাবিতে বিভিন্ন রঙের পতাকা ও ফেস্টুন নিয়ে মিছিল-শ্লোগান দেন। এ সময় তারা ন্যায়বিচার ও মুক্তির পক্ষে মিছিল করেন। ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার দাবিও তোলেন তারা।
আহমেদ নামে একজন বিক্ষোভকারী বলেন, “আমরা এখানে জড়ো হয়েছি ফিফা থেকে ইহুদিবাদী ইসরাইলের বহিষ্কারের দাবিতে। কারণ তারা ফিলিস্তিনের জনগণের ওপর গণহত্যা ও নির্যাতন চালিয়ে আসছে। তারা প্রকৃতপক্ষে বর্ণবাদী, আমরা তাদের থেকে মুক্তি এবং ফিলিস্তিনের সব উদ্বাস্তুকে দেশে ফেরার সুযোগ চাই।” ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি জিবরিল রজব বলেন, “আজকের এই বিক্ষোভের মধ্যদিয়ে প্রমাণ হলো যে, ইসরাইলের দুষ্টুনীতি এবং আন্তর্জাতিক আইন লংঘন করার প্রবণতার প্রতি বিশ্ব ক্ষুব্ধ।”#